আপডেট: October 10, 2026
ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) দিনভর নদীজুড়ে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। পরে খেয়াঘাট লঞ্চঘাট এলাকায় ইউএনও-এর উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এ মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া ও মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ শিকার, পরিবহন, মজুদ কিংবা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা অব্যাহত থাকবে।অভিযানকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি এবং হাকিমুদ্দিন নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

