আপডেট: May 22, 2021
আপডেট নিউজ ডেস্ক::ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান সম্ভব নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন একথা বলেন। খবর রয়টার্সের
বাইডেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে একমাত্র সমাধান দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা।যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অন্য দেশের সঙ্গে মিলে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা পুননির্মাণে ফিলিস্তিনিদের পাশে থাকবে। সেখানে শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। তবে আমি মনে করি—ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সেখানকার সংঘাত নিরসনে একমাত্র সমাধান।’জেরুজালেমের আল-আকসায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এই সংঘর্ষের পরে তীব্র আকার ধারণ করে। টানা সংঘর্ষ চলে ১১ দিন। এতে আড়াই শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। ইসরায়েল ও হামাসের মধ্যে টানা ১১ দিনের সংঘাতের পর শুক্রবার থেকে চলছে যুদ্ধবিরতি।

