আপডেট: March 23, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নানা অপরাধে মুরগির একটি পাইকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩শে মার্চ ২০২৪) দুপুরে উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার এলাকায় পোল্ট্রির আড়ত, মাছ, মাংস, তরমুজ, মুরগি, ডিম ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স মিম পোল্ট্রি হাউস নামক মুরগির একটি পাইকারি প্রতিষ্ঠান তদারকিকালে ভাউচার কারসাজি ও ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাহামুদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় এক মণ মুরগির মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়।
পরবর্তীতে মাছের আড়ত, খুচরা বাজার ও তরমুজের প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে পুরাতন দাড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

