আপডেট: November 14, 2026
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস।
লিখিত বক্তব্যে অন্তু বিশ্বাস বলেন, নগরের সিঅ্যান্ডবি রোডে অবস্থিত আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো নেই। একই ভবনে একই অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনিক কাঠামো ব্যবহার করে ডিডব্লিউএফ নার্সিং কলেজ এবং আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ওই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও তৎকালীন অধ্যক্ষ বাসন্তী রানী শিক্ষার্থীদের লিখিত দাবি মেনে নেন। ভবিষ্যতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি বা ভয়ভীতি না দেখানো এবং ফরমেটিভ মার্কে কাউকে ফেল না করানোর আশ্বাসও দেওয়া হয়। তবে পরবর্তী দুই বছরে অন্তত ৩০ বার প্রশাসনের সঙ্গে আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তার।সংবাদ সম্মেলনে অন্তু দাবি করেন, চলতি বছরের ২৩ এপ্রিল ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে আদায় করা হয়। প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই অর্থ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে বলে জানানো হলেও হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা জানতে পারেন, সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের জন্য কোনো অর্থ নেওয়া হয় না।
এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। একই মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে দাবি করেন অন্তু।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল চেয়ারম্যান পূবালী ব্যাংকে জমা করা রসিদের মাধ্যমে ক্লিনিক্যাল প্র্যাকটিসের ১২ হাজার টাকা টিউশন ফির সঙ্গে সমন্বয় করেন। একই সঙ্গে ২৮ এপ্রিল স্বাক্ষরিত এক নোটিশে ফরম পূরণ, ভাইভা ও পরীক্ষার নামে শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দেওয়া হয়।
অন্তের দাবি, গত ৮ নভেম্বর পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় ২ নভেম্বর ইস্যু করা একটি নোটিশ ধরিয়ে দিয়ে কোনো ধরনের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের কথা জানানো হয়।সংবাদ সম্মেলন থেকে অন্তু বিশ্বাসের বহিষ্কারা প্রত্যাহার, বিশেষ ব্যবস্থায় পরীক্ষার ফরম পূরণের সুযোগ নিশ্চিত, আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

