শিরোনাম

চরকাউয়ায় বাস শ্রমিকদের দাপটে যাত্রীরা অসহায়, ৬ রুটে বাস চলাচল বন্ধ

আপডেট: November 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ:: বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় বাস শ্রমিকদের সঙ্গে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বিরোধ চরমে উঠেছে। এর জেরে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, ব্যক্তিগত প্রয়োজনে রিজার্ভ করে অটোরিকশা কিংবা মোটরসাইকেলে যাতায়াতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাস শ্রমিকদের বিরুদ্ধে। এমনকি রোগী ও মেহমানদেরও ছাড় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।অভিযোগ রয়েছে, বিরোধের জেরে অন্তত ৯টি হলুদ অটোরিকশা ও থ্রি-হুইলার ভাঙচুর করে খালে ফেলে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে চরকাউয়া বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, কয়েক দিন পরপর বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। বাস বন্ধ থাকায় যাতায়াতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। বাস শ্রমিকদের এই সেচ্ছাচারিতা ও অত্যাচারের বিরূদ্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। আমেনা খাতুন নামের আরেক যাত্রী জানান, গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে হলে তাকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।
জানা গেছে, রোববার (১ নভেম্বর) চরকাউয়া বাস টার্মিনাল এলাকায় বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সড়কে থাকা অন্তত ৯টি থ্রি-হুইলার ও অটোরিকশা ভাঙচুর করে বাস শ্রমিকরা। এ ঘটনার পর অটোচালকরা একত্রিত হয়ে বাস চলাচলে বাধা দেন।
চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানান, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা চলাচলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।অন্যদিকে, বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশার চালকদের দাবি, তারা নিয়ম মেনেই ছোট যানবাহন চালাচ্ছেন। কিন্তু বাস শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে কয়েক দিন পরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হয়রানি করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network