আপডেট: June 1, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শুক্রবার (৩১ মে ২০২৪) রাতে উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবুল কাশেম (৩৪) খয়েরহুদা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মুহিদ হাসান, এসআই ভবতোষ রায় এবং এএসআই আবু আল ইমরান সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে খয়েরহুদা ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর হতে আবুল কাশেম নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩৬ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

