আপডেট: May 12, 2021
অনলাইন ডেস্ক:: জোর করে খাওয়াতে গিয়ে শ্বাসনালীতে ভাত আটকে রায় দাস (০৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার তেলীরমোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার মন্দা গ্রামের গৌতম দাশের ছেলে। সে পরিবারের সাথে হাইমচরে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
শিশুর স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটির মা জোর করে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করে। এ সময় শিশুটি খাবার না খাওয়ার জন্য বিভিন্ন বায়না করে চিৎকার ও কান্না করতে থাকে। এ সময় কান্নারত অবস্থায় শিশুটির মুখের ভিতরে জোর করে ভাত দেয় তার মা। এ সময় গলার ভিতরে ভাত আটকে গিয়ে শিশুটির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়।
তাৎক্ষণিক শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন বলেন, জোর করে খাওয়ানোর সময় ভাত শ্বাসনালীতে আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এভাবে মায়েদের জোর করে শিশুদের খাবার খাওয়ানো উচিৎ নয় বলে জানান তিনি।

