আপডেট: October 4, 2021
অনলাইন ডেস্ক:: বগুড়ার নন্দীগ্রামে দুলাভাইয়ের ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত গৌতম সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামের লঙ্কেশ্বর প্রামানিক বোউল্যর ছেলে।
আজ সোমবার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল রবিবার রাতে অন্তঃসত্ত্বা কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সিংড়ার ইটালি গ্রামের গৌতম সরকারের সঙ্গে পাঁচ বছর পূর্বে নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের এক কিশোরীর বিয়ে হয়। গৌতম সরকার তার স্ত্রীসহ গত বছর থেকে ঘর জামাই হিসেবে বাঁশো গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় শ্যালিকাকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে বড়বোনকে তালাক দেওয়াসহ কিশোরীকে মেরে ফেলার হুমকিও দেন তিনি।
মামলার তদন্তভার গ্রহণ করেন থানার এসআই শফিকুল ইসলাম। রবিবার রাতে শেরপুর থানা এলাকার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা নামকস্থান থেকে অভিযুক্ত ধর্ষক গৌতম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে। ভিকটিমের ধর্ষণ পরীক্ষার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে।

