আপডেট: February 21, 2022
অনলাইন ডেস্ক:: বাগেরহাটে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই নারী নাজমা ও নার্গিসের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তারা অ্যাম্বুলেন্সযোগে খুলনায় ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন। আহত রিকশার যাত্রী শুকুর এলাইচ রাসেলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায়।
অ্যাম্বুলেন্স চালক মো. মিলন বলেন, দূর থেকে দেখি একটি ট্রাক দ্রুতগতিতে আমাদের দিকে ধেয়ে আসছে। ঘটনাস্থলে পৌঁছেই একটি রিকশাকে চাপা দিয়ে আমার অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার বোন গুরুতর আহত হয়। ট্রাকের হাত থেকে বাঁচতে আমি অ্যাম্বুলেন্সটিকে ডান পাশে নিয়ে আসি, তারপরও শেষ রক্ষা হয়নি।

