১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড নীলফামারীর দুই উপজেলা

আপডেট: April 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নীলফামারীর দুই উপজেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় হয়েছে। এর সঙ্গে হয়েছে প্রচুর শিলাবৃষ্টি। রোববার (১০ এপ্রিল) বেলা ৩টার দিকে ডোমারের চিলাহাটি ও ডিমলায় এ ঝড় ও শিলাবৃষ্টি হয়।

প্রায় ১০ মিনিট ধরে চলা এ ঝড়-বৃষ্টিতে ভুট্টা, বাদাম, মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। কোথাও কোথাও বাড়িঘর, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডিমলা ও ডোমার উপজেলার কয়েকটি এলাকা।

চিলাহাটি বাজারের রিপন শেখ বলেন, ঝড়ে কলেজের সামনে ১১ হাজার কেভি বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার বাজারের অনেক দোকানপাটের ছাউনি উড়ে গেছে। এলাকার কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিমলা উপজেলার বালাপাড়া, খগাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ী, খালিশাচাপনী ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এসব ইউনিয়নে প্রায় ৫০০ কাঁচা ও আধাপাকা বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডিমলার দক্ষিণ তিতপাড়া ভাটিয়াপাড়ার দিনমজুর শামসুল হক বলেন, ঝড়ে আমার সব ঘর পড়ে গেছে। একে তো আমি গরিব মানুষ দিন আনি খাই। এখন আমার কী হবে? কার কাছে যামু?

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network