আপডেট: October 4, 2021
অনলাইন ডেস্ক:: দীর্ঘ ৪৭দিন বন্ধ থাকার পর অবশেষে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে অর্ধশতাধিক যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ফেরি ‘কুঞ্জলতা’।
পদ্মায় তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তায় এতোদিন এই রুটে বন্ধ ছিল ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ও ঘাট সূত্র জানায়, দেড় মাসের বেশি সময় ধরে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। পদ্মায় স্রোত ও পানির উচ্চতা এখন অনেকটা কমে এসেছে। এ কারণে জরুরি সেবা পুনরায় চালুসহ জনদুর্ভোগ রোধে সকাল থেকে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাতায়াতে পদ্মা নদী পার হতে বাংলাবাজার- শিমুলিয়া নৌপথ ব্যবহার করে। স্বাভাবিক সময়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৮ থেকে ২০টি ফেরি চলাচল করত। গত জুলাই ও আগস্টে পদ্মায় তীব্র স্রোত থাকায় পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এ পরিস্থিতিতে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে গত ১৮ আগস্ট দুপুরের পর এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বর্তমানে বাংলাবাজার-শিমুলিয়া পথে যাত্রী পারাপারে ভরসা লঞ্চ। তাও ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে।

