২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

নির্বাচন সুষ্ঠু করতে দেশের ১৮ জেলায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি জেলায় প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগে আরও উৎসাহিত হয়।

সোমবার (২রা ফেব্রুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকরী ভূমিকা পালনে বিজিবি সদা প্রস্তুত। এরই ধারবাহিকতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনি এলাকায় ৯২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে ১০৮টি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ সময়কালে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা (ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুন্ড, কোটচাঁদপুর, মহেশপুর ও কালীগঞ্জ) এবং মাগুরা জেলার ৪টি উপজেলায় (মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর) সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টহল এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তল্লাশি কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত ডগ। টহল কার্যক্রমকে আরও ফলপ্রসু করার জন্য বডি অর্ন ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। টহল হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এছাড়াও নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network