আপডেট: September 9, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সেটিকে উদ্ধার করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।বন বিভাগ জানায়, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে নদীর তীরে নিয়ে আসে। তবে তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন। খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটিকে উদ্ধার করেন।
বন বিভাগ আরো জানায়, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। তিমিটির নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হবে।বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে দ্রুত নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।

