আপডেট: November 23, 2026
আপডেট নিউজ:: বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল সিটি মেয়রপ্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
পরিদর্শনকালে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় কেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রশিক্ষণের মান, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবগত হন।
তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রসার ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে শুধু সনদনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণার্থীরা যেন প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশের শ্রমবাজারে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারে, সে লক্ষ্যে প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পর্যাপ্ত প্রশিক্ষণ সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।
এ সময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক উন্নয়ন, প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শামীম কবির, কোতয়ালী উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, ২১ নম্বর ওয়ার্ড সভাপতি মোকছেদুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সত্তার খান, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি খন্দকার আল আমিন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ খান, ২১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রবসহ বরিশাল মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

