বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪ লাখ ৭৯ হাজার, অর্ধকোটি মানুষের করোনা জয়

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাস উৎপত্তির ছয় মাস হতে চলেছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এখন কোটির ঘরে। এর মধ্যে অর্ধকোটিরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ববাসীর জন্য এটি অন্যতম স্বস্তির খবর।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৮০৫ জন। আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৫৩ হাজারের বেশি। তবে এরইমধ্যে ৫০ লাখ ৪১ হাজার ৭১১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। তবে দেশটিতে এখনো শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২৩ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৪ লাখ ২৪ হাজারের বেশি সংক্রমিত।

গত কয়েকদিন ধরেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু দেখছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে এক হাজার ৩৬৪ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫২ হাজার ৭৭১ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার। তবে দেশটির ছয় লাখ ১৩ হাজার ৩৪৫জন সুস্থ হয়ে উঠেছেন।

সুস্থতার দিক থেকে এরপরই রাশিয়ার অবস্থান। দেশটিতে তিন লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া দেশটিতে মোট প্রাণহানি দাঁড়ালো ৮ হাজার ৩৫৯ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৯৯ হাজার।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network