মার্কেট খুলে দেয়ার ঘোষণায় শিমুলিয়ায় ঢাকায় ফেরা মানুষের ঢল

আপডেট: May 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে মঙ্গলবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নামে। এখন আর গার্মেন্টসকর্মীদের তেমন ভিড় নেই। বরং নানা শ্রেণি পেশার মানুষ এখন ঢাকামুখী। সরকার দোকানপাট খুলে দেবার সিদ্ধান্ত দেয়ায় এখন লোকজন কর্মস্থলমুখী হতে শুরু করেছে বলে এ নৌ-রুটে এখন যাত্রীদের উপচেপড়া ভিড়। বাধাহীন চিত্তে যাত্রীরা ছুটছে তাদের কর্মস্থলে।

মঙ্গলবার সরেজমিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, যখনই ওপার (কাঠালবাড়ি) থেকে কোনো ফেরি শিমুলিয়া ঘাটে আসছে, ওই ফেরিতে কয়েকটা গাড়ির সাথে শত শত লোক ঢাকায় যেতে শিমুলিয়া ঘাটে আসছে। তবে শিমুলিয়া ঘাটে এসে কোনো প্রকার বাস না পাওয়ায় তারা বরাবরের মতোই নসিমন, করিমন, অটোরিকশা, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ইয়েলো ক্যাব, মাইক্রোবাসসহ বিভিন্ন প্রকার যানবাহনে ভেঙে ভেঙে বিকল্পপথে ঢাকায় যাচ্ছে। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া খরচ হচ্ছে।

মাওয়া নৌ-পুলিশ ফাাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার ভোর থেকে শত শত ঢাকামুখী যাত্রী ফেরি পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে গন্তব্যে যাচ্ছে। তবে আজ আর গার্মেন্টসকর্মীদের তেমন লক্ষ্য করা না গেলেও নানা শ্রেণি-পেশার মানুষকে ঢাকায় যেতে দেখা গেছে। মার্কেটের দারোয়ান, দোকানের কর্মচারী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, চাকরিজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষকেই ঢাকায় ছুটতে দেখা গেছে। সম্ভবত সরকার মার্কেট খুলে দেয়ার ঘোষণা দেয়ায় এখন ঢাকামুখী মানষের ঢল নেমেছে মাওয়ায়।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটস্থ এজিএম মো: শফিকুল ইসলাম  জানান, আগের মতো এখন আর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কোনো বাধা নেই। ফলে সাধারণ যাত্রীদের চাপ অনেক বেশি। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে এখন দিনের বেলায় ৪টি ও রাতে ৬টি ফেরি চলাচল করছে। জরুরি গাড়ি পারাপারের জন্য এ সকল ফেরি চলাচল সচল রাখা হয়েছে। তবে রাতের বেলায় পণ্যবাহী ট্রাকগুলো পারাপারের জন্য একটু বেশিসংখ্যক ফেরি রাখা হয়েছে। অন্যসব নৌযান বন্ধ থাকায় এখন এসব ফেরিতে শত শত ঢাকামুখী যাত্রী পার হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network