আপডেট: October 3, 2021
অনলাইন ডেস্ক:: নওগাঁর পোরশায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। গতকাল শনিবার (০২ অক্টোবর) সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা ওই যমজ শিশুর জন্ম হয়। পরে দুপুরের দিকে ওই দুই নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম ফিরোজা বেগম। তিনি উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
সারাইগাছি ইসলামি ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরনবী নিউজকে জানিয়েছেন, গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ফিরোজাকে গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার অস্ত্রোপচার করেন ডা. নুর মোহাম্মদ। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে জোড়া যমজ কন্যা শিশুর জন্ম দেন ফিরোজা বেগম। জন্মের পর শিশু দুটি ভালোই ছিল। নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসা নেই বলে দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসক নূর মোহাম্মদ আরও জানিয়েছেন, বাংলাদেশেই জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা সম্ভব। তবে এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। বিত্তবান মানুষ ছাড়া এই ধরনের চিকিৎসা করানো খুবই কঠিন।যমজ নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম পেশায় একজন ক্ষুদ্র কৃষক। নিজের সামান্য কিছু জমি ও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনো রকম সংসার চলে তার। জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই।

