মানিকগঞ্জে ৫৬ জেলের জেল-জরিমানা

আপডেট: October 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫৬ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা এই কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৫৬ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক ৫৬ জেলের মধ্যে ছয়জনকে ১৫ দিন করে ও একজনকে এক মাস কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকি ৪৯ জেলেকে ৫৩ হাজার ৮০০ জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে জব্দকৃত জালগুলো আগুনে পোড়ানো হয়েছে। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং বিক্রি নিষেধ করেছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য মাছ ধরা ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network