আপডেট: October 18, 2021
আপডেট নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে পার্কের কোর সাফারি পার্কে জেব্রার পালে শাবকটিকে মায়ের সঙ্গে প্রথম দেখা যায়।
পার্কে ১৪টি পুরুষ ও ১৬টি মাদি জেব্রা ছিল। নতুন শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জেব্রা পরিবারে এ বছরে আরও সাতটি জেব্রা পাওয়া গেছে। নতুন শাবকটি বছরের অষ্টমতম। মা ও শাবক সুস্থ আছে। শাবকটি তার মায়ের সঙ্গে পার্কের বেষ্টনীতে ঘুরাফেরা করছে।
মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস, বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূসি দেওয়া হচ্ছে। সদ্য জন্ম নেওয়া শাবকটি পুরুষ বলে জানান তিনি।
তিনি আশা করেন, পার্কের প্রাকৃতিক পরিবেশে দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশু-পাখি থেকে নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। এ ধারাবাহিকতা চলতে থাকলে এ পার্ক থেকেই একসময় দেশে জেব্রার চাহিদা মেটানো যেমন সম্ভব হবে তেমনি আমদানির ওপর নির্ভরতা কমে আসবে।

