সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট: November 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ওই দুইজনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। নিহতরা হলেন- মো. ভাষানি (৪০) ও মো. ইদ্রিস আলী (৪২)।

আজ শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৭ সাব পিলার-৫ এস কাছে এ ঘটনা ঘটে। নিহত মো. ভাষানি উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও মো. ইদ্রিস আলী একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্ত হয়ে ১০/১৫ জনের একটি রাখাল দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। ভোর রাতে সবাই মিলে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে টহলরত ভারতীয় কোচবিহার জেলার ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করলে এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে গরু আনতে সীমান্ত অতিক্রম করলে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

কালিগন্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই দুই ব্যক্তির মরদেহ কাঁটাতারের বেড়ার কাছে পড়ে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network