আপডেট: June 18, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে খায়রুল বাশার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ই জুন ২০২৪) সকালে উপজেলার পেয়ারাতলা মা-বাবা ইটভাটার পিছনের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সোমবার দিনগত রাতের কোনো এক সময় মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত খায়রুল বাশার পেয়ারাতলা গ্রামের মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, খায়রুল বাশার সোমবার বিকালে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে রাত শেষ হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেন নাই। মঙ্গলবার সকাল ৮টার দিকে পেয়ারাতলা গ্রামের সোহাগ হোসেন নামের এক যুবক মা-বাবা ইটভাটার পিছনের মাঠে ঘাস কাটতে গেলে এক ব্যক্তির মরদেহ মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। পরবর্তীতে মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও জীবননগর থানা পুলিশকে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশের একটি দল। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা গোয়েন্দা শাখার ওসি ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, খায়রুল বাশার শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং একাকী থাকতে পছন্দ করতেন। তবে তিনি ফকির মতের অনুসারী ছিলেন এবং গাঁজা ও তাড়িসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করতেন বলে জানা গেছে। মাদকদ্রব্য সেবনের কারণে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইন জানান, মঙ্গলবার সকালে জীবননগর থানাধীন পেয়ারাতলার মা-বাবা ইটাভাটার পিছনের একটি মাঠ থেকে খায়রুল বাশার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

