আপডেট: July 3, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দামুড়হুদায় শ্যালোইঞ্জিন চালিত দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক আলমসাধু চালক নিহত ও অপরজন আহত হয়েছেন। বুধবার (৩রা জুলাই ২০২৪) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর দোয়ারধার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের আমির আলীর ছেলে এবং আহত ইব্রাহিম (৪০) একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সকালে মাছ বহনের কাজে ব্যবহৃত একটি আলমসাধু খালি ড্রাম নিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে আলমসাধুটি দামুড়হুদা উপজেলার জয়রামপুর দোয়ারধার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা দর্শনা অভিমুখী কাঠ বোঝাই অপর একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আলমসাধুর চালকই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম। দুর্ঘটনাকবলিত আলমসাধু দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টোর।

