আপডেট: September 29, 2026
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। গত ২৮ সেপ্টেম্বর (রোববার) উপজেলার পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুসন্ধানে জানা গেছে, ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্যরা সরাসরি অংশ নেন। পুলিশ সূত্রে কর্মসূচিতে অংশ নেওয়া অভিযুক্ত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।
তাদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, পিতা মোশারফ হাওলাদার, লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড; মো. সায়েম হাওলাদার, পিতা দুলাল হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ড; মো. রাতুল ফরাজী, পিতা মো. রাজু ফরাজী, ৯ নম্বর ওয়ার্ড; মো. নাজমুল, পিতা মো. কবির, নলদোয়ানী; মো. ইফাত, পিতা মো. ইব্রাহিম খাঁ, নলদোয়ানী এবং মো. হাসান সিকদার, পাংগাশিয়া ইউনিয়ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ‘আবু সুফিয়ান সুদা’ নামের একটি ফেসবুক আইডি থেকে বৃক্ষরোপণের ছবি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে দুমকি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, দুমকি উপজেলার বাকি চারটি ইউনিয়নেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি পালনের অভিযোগে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

