আপডেট: September 28, 2026
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৮শে সেপ্টেম্বর) ভোরে উপজেলার গয়েশপুর বিওপির আওতাধীন গয়েশপুর গ্রামের কলুপাড়া এলাকা থেকে এই পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করা হয়। এসময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
সোমবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির টহল দল হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে সোমবার ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৬৭/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের কলুপাড়ায় গোয়ালদার পুকুরের দক্ষিণপাড়ে অবস্থিত আমবাগানের ভেতর অভিযান চালায়।
এসময় বিজিবির ধাওয়ায় একজন চোরাকারবারী লাল রংয়ের নেটের প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত নেটের বস্তা খোলার পর বস্তার মধ্যে ৭৮ বোতল এসকাফ সিরাপ এর মাঝে কসটেপ দিয়ে প্যাচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং এসকাফ সিরাপসমুহ জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

