উথলীতে রাতের আঁধারে গাছে তার বেঁধে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, রহস্যের ধুম্রজাল

আপডেট: December 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রাতের আঁধারে দুই দিকের গাছে তার বেঁধে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ঘটেছে। সোমবার (১১ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাত সাড়ে ৯টার দিকে উথলী বাসস্ট্যান্ড টু উথলী রেলস্টেশন বাজার সড়কে এ ঘটনা ঘটে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। ছিনতাই নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তি রয়েছেন টার্গেটে তা নিয়ে তৈরি হয়েছে রহস্যের ধুম্রজাল।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক সম্রাট হোসেন বলেন, অফিসিয়াল কাজ শেষে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আমি প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলযোগে শিয়ালমারী থেকে উথলী বাজারে ফিরছিলাম। আমার আগে আগে একটি ট্রাক্টর যাচ্ছিলো। পথিমধ্যে সাংবাদিক নয়ন ভাইয়ের বাড়ি পার হয়ে তাঁর লাউয়ের জমির নিকট পৌঁছালে ট্রাক্টরটি আচমকা ব্রেক চাপলে আমি গাড়িটির পিছনে দাঁড়িয়ে যায়। ওই সময় সামনের দিক থেকেও একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল এসে ঘটনাস্থলে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে সড়কের উভয় পাশে তার বাঁধা দেখে আমি আশ্চর্য হয়ে যায়। ঘটনাস্থলে একাধিক গাড়ি থেমে যাওয়া দেখে অসৎ উদ্দেশ্যে তার বাঁধা ব্যক্তিরা মাঠ দিয়ে দ্রুত পালিয়ে যায়। সাথে সাথে আমি জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসানকে মোবাইলের মাধ্যমে বিষয়টি জানালে তিনি উথলী বাসস্ট্যান্ড থেকে এসে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনার অপর প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের মালিক ও চালক উথলী গ্রামের আহাদ বলেন, সোমবার রাতে আমি উথলী বাজার থেকে মাইক্রোবাস নিয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। একই সময় আমার সামনের দিক থেকে উথলী গ্রামের বাক্কা চাচা ট্রাক্টর নিয়ে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে আমরা সড়কের উভয় পাশে তার বাঁধা দেখে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায়। আমাদের থেমে যাওয়া দেখে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে গাছে বাঁধা তাঁর খুলে আমরা ঘটনাস্থল ত্যাগ করে বাড়িতে চলে আসি। তবে ওই সময় যদি ট্রাক্টর ও মাইক্রোবাস বাদে দ্রুতগামী কোনো মোটরসাইকেল তাঁর বাধা স্থান অতিক্রম করতো তাহলে সে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতো।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (৪ঠা ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাতেও একই স্থানে সড়কের উভয় পাশে তার বাঁধা হয়েছিল। সেদিন রাতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান উথলী মাধ্যমিক বিদ্যালয়ের নাইট গার্ড ইকরামুল। তিনি ওই সময় মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। উথলীতে ইদানিং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তারপরেও এ সমস্ত অপরাধ দূর করা যাচ্ছে না। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে উথলী এলাকার মাদক ব্যবসায়ী ও সেবীদের উপর সাঁড়াশি অভিযান পরিচালনা করা জরুরি।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network