আপডেট: October 1, 2021
অনলাইন ডেস্ক:: দিনাজপুরের নবাবগঞ্জে রাখাল চন্দ্র (৪৫) নামে আপন ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে বড় ভাই শ্যামল চন্দ্রের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ছোট ভাই রাখাল চন্দ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত রাখাল চন্দ্র ওই এলাকার হরিস চন্দ্রের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শ্যামল চন্দ্র ও রাখাল চন্দ্র আপন দুই ভাই। তাদের মায়ের সামান্য কিছু জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন থেকে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে আবারো বিরোধ সৃষ্টি হয়। এ সময় বড়ভাই শ্যামল ছোট ভাই রাখালের বুকে ‘স্কু’ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কেউও অভিযোগ করেনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

