আপডেট: June 4, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুর রহমান বিশ্বাস ভেদুকে পিটিয়ে ও অপর একজনকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। মঙ্গলবার (৪ঠা জুন ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উথলী গ্রামের মৃত খলিলুর রহমান বিশ্বাসের ছেলে আসাদুর রহমান বিশ্বাস ওরফে ভেদু (৬২) এবং একই গ্রামের ফার্মগেটপাড়ার আকবার আলীর ছেলে হাফিজুর রহমান চপল (৪০)। হামলাকারী সাহাবুল ইসলাম ছোটন (২৮) একই গ্রামের মৃত আশকার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আসাদুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে উথলী বাসস্ট্যান্ড বাজারে ছোটনের মোবাইল সার্ভিসিংয়ের দোকানের সামনে আসেন। তিনি মোটরসাইকেল থেকে নেমে ছোটনের দোকানে যাওয়ার সময় দোকানে থাকা লাঠি নিয়ে বের হয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই আসাদুর রহমানকে আচমকা বেধড়ক পেটাতে থাকেন ছোটন। নিজেকে রক্ষার্থে তিনি রাস্তার উপর চলে আসলে সেখানেও তাকে পেটানো হয়। এসময় একই বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হাফিজুর রহমান চপল হামলা ঠেকাতে গেলে তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।’
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসাদুর রহমানকে অ্যাম্বুলেন্সযোগে যশোর সিএমএইচে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে চপল বাড়িতে চলে গিয়েছেন। তাঁর মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, উথলী বাসস্ট্যান্ড বাজারে নবনির্মিত বিশ্বাস প্লাজা সংলগ্ন স্থানে উথলী বাসস্ট্যান্ড বাজার-বেগমপুর সড়কের পশ্চিম দিকে ছোটনের মোবাইল সার্ভিসংয়ের দোকান রয়েছে। তিনি আগের দোকানটি ভেঙে নতুন করে দোকান তৈরি করেছেন। বিশ্বাস প্লাজার ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ওই প্লাজার মালিক আসাদুর রহমান বেশ কিছুদিন ধরে ছোটনকে তাঁর দোকানটি পূর্বের জায়গা থেকে পিছিয়ে নিতে বলছিলেন। কিন্তু ছোটন তাতে কর্ণপাত না করায় মঙ্গলবার সকালে তিনি মোটরসাইকেল থেকে নেমে এ বিষয়ে কথা বলার জন্য ছোটনের দোকানের দিকে যাচ্ছিলেন। এসময় কোনোকিছু বুঝে ওঠার আগেই ছোটন দোকান থেকে বের হয়ে এসে আচমকা কাঠের তৈরি মোটা লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন। লাঠির আঘাতে আসাদুর রহমানের দুই হাতসহ শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়েছে। হামলা ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়েছেন বাজারের অপর ব্যবসায়ী হাফিজুর রহমান চপল।
দুজনকে পিটিয়ে আহত করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ ঘটনায় হাফিজুর রহমান চপল জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। ঘটনার পরপরই ছোটন দোকান বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে পাওয়া যায়নি সংযোগ। তবে দোকান সরিয়ে নিতে বলায় হামলা? না কী পিছনে অন্য কারণ আছে তা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

