আপডেট: March 13, 2024
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার মধ্য খাগদী এলাকার বেলায়েত খানের তিন বছরের ছেলে তাহমিদ খান ও তার ভাগ্নি ঘটমাঝি এলাকার ইমরান খন্দকারের চার বছরের মেয়ে তুবা খন্দকার।
জানা গেছে, সম্প্রতি তুবা তার মা হোসনেয়ারার সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে তুবা তার মামাতো ভাই তাহমিদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তুবা ও তাহমিদ বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। কিছুক্ষণ পরে তুবা আর তাহমিদকে দেখতে না পেয়ে তাদের স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খোঁজা শুরু হয়। পরে সন্ধ্যার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে ওঠে। এ ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।
তাহমিদের বাবা বেলায়েত খান বলেন, কি থেকে কি হয়ে গেল! আমার বুকের ধনটা সবার চোখের আড়ালে নাই হয়ে গেল। আমি কীভাবে এই শোক কাটিয়ে উঠব। ফুটফুটে ভাগ্নিটাও আমার ছেলের সঙ্গে নাই হয়ে গেল।মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর দাফন হয়েছে।

