আপডেট: August 23, 2021
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি মানববন্ধন করেছে। সোমবার কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব হোসাইন নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় এবং কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. ইমরান নেতৃত্বে একই স্থানে বেলা সাড়ে ১২টায় আরেকটি মানববন্ধন করা হয়।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাবিক হোসাইন উপজেলা নিবার্হী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. আল আমিনের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন। সেখানে করোনা মহামারির মধ্যে কলেজ সংশ্লিষ্টরা বায়োডাটা ফরমেট শিক্ষার্থীদের দিতে ৩০০ টাকা নিচ্ছে।
এছাড়া এইচএসসি পরিক্ষার্থীদের কাছে থেকে সরকারের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত দুই থেকে চারগুন টাকা বেশি নেওয়া হয়েছে। আর অটোপাশ শিক্ষাথীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরৎ না দিয়ে আবার সার্টিফিকেট ও মার্ক শীট উত্তোলনের নামে ৬০০ টাকা নেওয়া হচ্ছে।
মানববন্ধনে শিক্ষার্থীদের মাসিক চাঁদা পরিশোধ করা সত্যে বারবার তা আদায় করাসহ ওই কলেজের অতিরিক্ত অর্থ আদায়ের সাথে জড়িতদের অপসারনের দাবী জানানো হয়। এতে পৃথকভাবে দুই মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হোসাইন অপর পক্ষের সহসভাপতি মো. ইমরান হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক মো. সোহাগ প্যাদা।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান জানান, কলেজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। বোর্ড ফি, কেন্দ্র ফি বোর্ড কর্তৃপক্ষের নির্ধারিত করা। মাসিক বেতন বাবদ দুইশত টাকা করে দুই বছরের চার হাজার আটশ’ টাকা আদায় করা হয়।
এদিকে রাকিব ১৫০ থেকে ২০০ শিক্ষার্থীদের সুপারিশ নিয়ে আসেন। এ বিষয়ে তিনি জানান, ছাত্র রাজনীতি করার কারণে তাকে শিক্ষার্থীদের সুপারিশ করতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালিনা পরিষদের সভাপতি মো. আল আমিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা দেখা হবে।

