আপডেট: November 8, 2026
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও চরফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউজ বিল্ডিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, একই সমিতির সহসভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা এবং উপজেলা কেন্দ্রীয় সমিতির সাবেক সভাপতি জাফরুল্লাহ বাবুল।
সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন হজ অ্যান্ড ওমরাহ সঞ্চয় ও ঋণদানকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, নজরুল নগর কৃষি উৎপাদন সমিতির সভাপতি কামরুল সিকদার এবং পূর্ব ঢালচর মৎস্য আড়ত সমিতির সভাপতি শাহে আলম ফরাজী।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও আয় বৃদ্ধি করা।
তাঁরা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সমবায় সমিতিগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের মাধ্যমে পরিচালিত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য সমবায়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সমবায় সমিতিগুলোকে নিয়মনীতি মেনে পরিচালনা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় সমিতির সদস্য মোহাম্মদ সোলাইমান। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

