আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

আপডেট: August 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: বাউফলের কৃতী সন্তান হাফেজ নূর উদ্দিন জাকারিয়া সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তার এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে পরিবার, স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাদের পাঁচ সদস্যের পরিবার।
জানা গেছে, মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে সেখানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরে তিনি ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায়ই সৌদি আরবে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া।
তার এই অসামান্য অর্জনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network