আপডেট: July 18, 2023
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রাম থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের আব্দুল গণি মৃধার ছেলে মধু মৃধা (৪৮) ও মধুর ছেলে মো. বেল্লাল (২৩)।
জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ উপজেলার বাইনবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকার চিহ্নিত মাদক কারবারি মধু মৃধা এবং তার ছেলে মো. বেল্লালকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

