আপডেট: May 6, 2023
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানীতে ইটবোঝাই ট্রলি উল্টে মো. জাকারিয়া হোসেন (১৮) নামের ট্রলির চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ইন্দুরকানী-কলারন সড়কের চণ্ডীপুর-বটতলা এলাকার সুধীরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া হোসেন উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তালেব আবুর ছেলে।
এ সময় ট্রলিতে থাকা সানু (১৫) ও নাঈম (১৬) নামে আরো দুই শ্রমিক আহত হন। স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল ফকির সাংবাদিকদের কাছে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।স্থানীয়রা জানান, ট্রলিচালক জাকারিয়া তার দুই হেল্পার নাইম এবং সানুকে নিয়ে উপজেলার কলারণ ইটভাটা থেকে ট্রলি গাড়িতে ইট বোঝায় করে বালিপাড়ার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চণ্ডীপুরের বটতলা নামক স্থানে পৌঁছলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় জাকারিয়া হোসেন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ইটবোঝাই ট্রলি গাড়ি উল্টে জাকারিয়া নামে এক ট্রলিচালক নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

