ঈদের দিনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে এসপির ঈদ আনন্দ ভাগাভাগি

আপডেট: April 22, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ঈদের দিনে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সাথে কোলাকুলি করছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন

সারাদেশে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পরিবার-পরিজন সাথে নিয়ে সকলে মিলে উপভোগ করছেন ঈদের আনন্দ। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক পুলিশ সদস্যই পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছেন না। পালন করতে হচ্ছে নিজের উপর অর্পিত দায়িত্ব। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত যেসব সদস্য ঈদের দিনে দায়িত্বরত রয়েছেন তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

শনিবার (২২ এপ্রিল) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টার সময় জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন পুলিশ পুলিশ আব্দুল্লাহ আল-মামুন। নামাজ শেষে সমবেতভাবে দেশের ও দেশের মানুষের জন্য বিশেষ মোনাজাতসহ মহান আল্লাহর নিকট সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করা হয়।

পরে সহকর্মীদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ছুটে যান ঈদের দিনে বিভিন্ন ডিউটি পোস্টে দায়িত্বরত সহকর্মীদের কাছে। সেখানে পর্যায়ক্রমে সকলের সাথে কুশল বিনিময়, কোলাকুলি ও নিজ হাতে তাঁদের মিষ্টি মুখ করান। পুলিশ সুপারকে কাছে পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা অত্যন্ত আনন্দিত হন এবং মনখুলে পুলিশ সুপারের জন্য দোয়া করেন। ঈদের দিনে ডিউটি পোস্টে উপস্থিত হয়ে সহকর্মীদের সাথে পুলিশ সুপারের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়াকে মহানুভবতার পরিচয় বলে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা মনে করছেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network