আপডেট: November 26, 2022
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রায় এক যুগ পর আগামী ২৮ নভেম্বর ভোলার চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের তারিখ ঘনিয়ে আসায় ওমরপুর জুড়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নির্ঘুম প্রচার প্রচারণা চলছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন মিয়া নৌকা মার্কায় ভোট চেয়ে ইউনিয়ন জুড়ে উঠান বৈঠক, পথসভা,গনসংযোগ করাসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিটি মুহূর্ত ব্যয় করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের মার্কা নৌকায় ভোট চেয়ে। এদিকে নৌকা মার্কার প্রচারণার অংশ হিসেবে জনতা বাজার ও আলিগাও এলাকায় পথ সভায় তিনি বলেন, উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিলে ওমরপুরে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শান্তি ফিরে আসবে। রিয়াজুল ইসলাম রিজন মিয়া বলেন, ওমরপুরের মানুষ পরিবর্তন চায়, আমি আপনাদের মনের ভাষা বুঝি, আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করুন, আমি আপনাদেরকে শান্ত, শুশৃঙ্খল, উন্নত ওমরপুর উপহার দেবো। তিনি বলেন, জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের হাতকে আরো শক্তিশালী করতে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে আপনারাও চরফ্যাসন মনপুরার রেকর্ড উন্নয়নের অংশীদার হবেন, ইনশাআল্লাহ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকেরা তার সাথে উপস্থিত ছিলেন।

