আপডেট: August 1, 2026
অনলাইন ডেস্ক:: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না। জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।
শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে তিনি এসব কথা বলেন।সাদিক কায়েম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।এ ধরনের অপতৎপরতা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ডাকসু ভিপি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন আহম্মেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জুয়েল রানা।এ সময় আরও বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. জিয়া উদ্দিন, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক লিটন এবং ডা. মাহবুব আলম। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ সাদমানের মা ও শহীদ মাসুম মিয়ার বাবা তাদের অনুভূতি তুলে ধরেন।এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা আবু রায়হান, রাশেদুল হাসান ও আল আমিনসহ বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

