আপডেট: February 22, 2023
জব্দকৃত ফেন্সিডিলসহ পুলিশের মাঝে আটক আসামি শাহজাহান
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. শাহজাহান (৩০) নামের এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাতে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহজাহান দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত হজরত আলীর ছেলে। এ ঘটনায় আটককৃত শাহজাহানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই রাম প্রসাদ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের সময় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ছয়ঘরিয়া গ্রামের ঘোনার মাঠগামী ইটের সলিং রাস্তার পাশের একটি ভুট্টাক্ষেত হতে মো. শাহজাহানকে নামের একজনকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

