আপডেট: July 8, 2022

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২২৮ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে। পৃথক এই অভিযানে তাদের হাতে আটক হয়েছে ৩ মাদক কারবারি। আটককৃতরা হলো, দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসস্ট্যান্ডপাড়ার আব্দুল মালেক মণ্ডলের ছেলে আবু সাঈদ (৩৮), মোহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮) এবং কুড়ুলগাছি গ্রামের গুলশানপাড়ার মৃত আজির বক্সের ছেলে আনিচুর রহমান (৪৪)। এসব ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীরের নির্দেশনায় থানার এসআই সুমন্ত বিশ্বাস এবং এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৮ই জুলাই) ভোর সাড়ে ৫টার সময় দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ দোয়েল ইটভাটার সামনে পাকা রাস্তার উপর প্রেস স্টিকার লাগানো একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করেন। তল্লাশিকালে ওই মাইক্রোবাস থেকে ২২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আবু সাঈদ ও আরিফুল ইসলামকে আটক করা হয়। একইদিন বেলা ১২টার সময় দর্শনা থানার এসআই হারুন উর রশিদ, এএসআই সানোয়ার হোসেন এবং এএসআই হাসানুল বান্না সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ আনিচুর রহমানকে আটক করেন।

