দুর্ঘটনার কবলে ঢাকাগামী পূর্বাশা পরিবহন, সুপারভাইজার দর্শনার সাগর নিহত

আপডেট: May 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

দুর্ঘটনা কবলিত ঢাকাগামী পূর্বাশা পরিবহনের এসি বাস

ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি এসি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৫২৪২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটির সুপারভাইজার সাগর (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০-১২ জন। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সোমবার (১৫ই মে) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার সময় ঝিনাইদহ সদর থানাধীন সাধুহাটি ইউনিয়নের বোড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরশহরের ইসলাম পাড়ার তাওসান ইসলাম বাবুর ছেলে।

জানা যায়, পূর্বাশা পরিবহনের একটি এসি বাস দর্শনা থেকে ছেড়ে চুয়াডাঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছিলো। বাসটি ঝিনাইদহ সদর থানাধীন বোড়াই নামক স্থানে পৌঁছার পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি পাকা সড়ক থেকে রাস্তার ডানপাশের মাটিতে নেমে গিয়ে গাছের সাথে ধাক্কা মেরে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসটির সুপারভাইজার সাগর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১০-১২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

আহতদের মধ্যে দর্শনা পুরাতন বাজারের রুস্তম আলীর ছেলে নাহিদ ফেরদৌস (৩৫), দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামের ফরজ আলীর ছেলে মিরাজ (২২), পোতারপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৬০), আলমডাঙ্গা থানাধীন গোকুলখালী গ্রামের নুর ইসলামের ছেলে আল আমিন (২৪), চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আকছেদ আলীর ছেলে গোলাম আজম (৫৭) এবং ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার মসহিন তালুকদারের ছেলে তাকির নাম জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network