আপডেট: February 17, 2025
অনলাইন ডেস্ক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গুলিসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা সম্পর্কে দেবর-ভাবি। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পিস্তলসহ ওই নারীর স্বামী পালিয়ে গেছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এই অভিযান চালানো হয়।এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন – উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) এবং তার ভাইয়ের স্ত্রী আসাম আক্তার (২০)।সোমবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।
তিনি বলেন, বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার করা মাদকের মজুদ রয়েছে এ ধরনের খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বিষয়টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের জানিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।
দিদারুল আলম আরও বলেন, অভিযানের সময় সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে তিন-চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের মধ্য থেকে দু’জনকে আটক করা সম্ভব হয়। পরে ঘরটি তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তলের ১০টি গুলি জব্দ করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, দীর্ঘ দিন ধরে মিয়ানমার থেকে মাদকের চালান এনে তারা ক্যাম্পে মজুদ রাখতেন। পরে সেখান থেকে কক্সবাজার শহরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদকগুলো পাচার করা হচ্ছিল। অভিযানকালে আটক আসমা আক্তারের স্বামী মো. জামাল বিদেশি পিস্তলসহ পালিয়ে যান। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

