দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে ৫ শতাধিক ট্রাক

আপডেট: November 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শতাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে।

এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নেই টয়লেট, গোসল, খাবারসহ অন্যান্য সুবিধা।

ট্রাকচালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা আজকের না, বহুদিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রিজ। সড়কে আটকে থেকে তাদের লোকসান গুনতে হয় এবং সময় মত মালামাল পরিবহন করতে পারেন না।

এছাড়াও তারা টয়লেট, গোসল ও খাওয়া-দাওয়ার সমস্যায় পড়েছেন। টার্মিনাল চার্জ দিয়েও তাদের সড়কে থাকতে হচ্ছে। অনেক ট্রাকচালক নানা উপায়ে সিরিয়াল ভেঙে আগে চলে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। ঘাট প্রান্তে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই।

তবে গোয়ালন্দে মোড়ে কিছু ট্রাকের সিরিয়াল থাকতে পারে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের ৩,৪,৫ নম্বর ঘাট পুরোপুরি সচল আছে। তবে নদীর পানি কমার কারণে ৬ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network