নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

আপডেট: February 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মিশু সিকদার,বাউফল প্রতিনিধি:: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি বাস্তবায়ন ও নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে বাউফল উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাউফল উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশন যে সুপারিশ করেছে, তা এখনো বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।সমাবেশে বক্তারা স্লোগান দিয়ে বলেন,
“হয়তো আমাদের ভাত দেন , না হয় মুখে বিষ দেন—আগে নয় নির্বাচন, আগে চাই প্রজ্ঞাপন।”এ সময় তারা আরও বলেন,“আর নয় কালক্ষেপণ, এখনই চাই প্রজ্ঞাপন।”বক্তারা দাবি করেন, দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network