শিরোনাম

বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন

আপডেট: November 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে ডুবন্ত নৌযান উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে। এতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুটি হাউজ বোট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে নোঙর করে রাখা নির্ভীক জাহাজে সাপ্তাহিক মহড়া ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে এ দুর্ঘটনা ঘটে।জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মহড়ার অংশ হিসেবে ক্রেনের লুপগুলো গুটিয়ে ১০ ডিগ্রি নিচে নামানোর সময় বিকট শব্দ হয়। পরে পেছনের ক্র্যাচার লাগানোর চেষ্টা করা হলেও অপারেটর তা করতে পারেননি। এর পাঁচ সেকেন্ডের মধ্যেই ক্রেনটি নিচে ভেঙে পড়ে। এতে পাশে থাকা বিআইডব্লিউটিএর দুটি হাউজ বোট ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, বর্তমানে নির্ভীক কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত হাউজ বোট দুটি সরে গেলে কিংবা ডুবে গেলে নির্ভীকও সমস্যায় পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় একই ধরনের উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে। সেটি পৌঁছালে ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

কমান্ডার বলেন, নির্ভীকের উত্তোলন ক্ষমতা ২৫০ টন। এর আগে রানীগঞ্জের ফেরিসহ বেশ কয়েকটি উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে জাহাজটি। ক্রেনটি নির্ধারিত জায়গায় পড়েছে। ফলে উদ্ধারক্ষমতা নিয়ে কোনো সমস্যা নেই। তবে ক্রেনের কোনো একটি অংশ স্লিপ করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন।এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল জেলা প্রশাসন।জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network