আপডেট: August 18, 2023
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় কোমেলা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কোমেলা বেগম উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মৃত ছলেমান শেখের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামে জমি কিনে বাড়ি করে একাই থাকতেন।
মৃত ঐ নারীর ভাই জাহিদুল শেখ বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঐ বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে হত্যার পর ঘাতকরা তার ফোনসহ গলায় ও কানে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছেন।স্থানীয় প্রতিবেশী মুন্নি বেগম বলেন, ঐ নারীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। সেই সূত্র ধরে শুক্রবার সকালে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য আমার মেয়ে নাঈম ও ছেলে শাদিদকে দিয়ে তাকে ডাকতে পাঠাই। তারা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে আমাকে ডাক দেয়। আমি পার্শ্ববর্তী হাসিনা বেগমকে নিয়ে ঐ ঘরে গেলে তাকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় খাটের ওপর মৃত অবস্থায় দেখি।
নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঐ গৃহবধূর মরদেহ তার নিজ বসতঘর থেকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে গত দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

