নানান আয়োজনে চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: October 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কেক কাটাসহ নানা আয়োজনে ভোলার চরফ্যাশনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলার চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি দেশের মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। সাংবাদিকেরাই দেশের নানা প্রান্তের ঘটনা ও মানুষের কথা তুলে ধরতে পারেন। বর্তমানে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে তিনি বিশ্বাস করেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জুনাইনাহ ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করে দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিহা তাহ এবং তৃতীয় স্থান অর্জন করে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ইনতিজারা সোহা।
অন্যদিকে, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সাজেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সামির ইয়াসার। দ্বিতীয় স্থান অর্জন করে দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ইনতিজারা সোহা এবং তৃতীয় স্থান অর্জন করে চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মাহিয়াত মোমেনা।
পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network