শিরোনাম

পটুয়াখালীতে ব্যবসায়ী অপহরণের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

আপডেট: April 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস ও তার ব্যক্তিগত গাড়ির চালককে অপহরণের ঘটনায় পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান পারভেজসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।

অভিযান থেকে ভিডিও কন্ফারেন্সে যোগ দিয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ ব্রিফিং করেন।আসামিরা হলেন- শামিম আহমেদ, আক্তারুজ্জামান সুমন, মো. আতিকুর রহমান পারভেজ, মো. মিজানুর রহমান সাবু গাজী, মো. বিল্লাল ও সাব্বির হোসেন জুম্মান। তারা সবাই পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

অপরপ্রান্তে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল হাসান সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১১ এপ্রিল রাতে শহরের নিজ বাসায় যাওয়ার সময় গলাচিপা উপজেলার হরিদেবপুর-শাখারিয়া আঞ্চলিক মহাসড়কের যেকোনো স্থান থেকে শিবু লাল দাস ও তার গাড়ির চালক অপহরণ হন। রাত ১২টা ২ মিনিট ও ১টা ৫৯ মিনিটের সময় ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি জানায়, ভিকটিম তাদের নিকট আটক আছে। ১২ এপ্রিল দুপুর ২টার মধ্যে ২০ কোটি টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে তারা জীবিত তাদের কাছে ফেরত দেবে, নতুবা তাদের লাশ পাবেন।

পরে পুলিশ সুপার মো. শহিদুল্লাহর নেতৃত্বে জেলা পুলিশের সব টিম অভিযান পরিচালনা করে শিবু লাল দাসের গাড়িটি একটি পেট্রোল পাম্প থেকে উদ্ধার করে। ২৪ ঘণ্টা পর শহরের এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ড, ল্যাংড়া মামুনের গোডাউন থেকে জীবিত অবস্থায় শিবু লাল দাস ও তার ড্রাইভার মিরাজকে উদ্ধার করা হয়।ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে আলামতসহ প্রাথমিকভাবে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বহন করা ব্যাটারিচালিত অটো রিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনার মূল হোতা মো. মামুন ওরফে ল্যাংড়া মামুনসহ তিন পরিকল্পনাকারী ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে পলাতক থাকায় ঢাকা মেট্রোপলিটন ডিবি টিম ও পটুয়াখালী জেলার একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের কাজে জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network