আপডেট: October 29, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় সাবমারসিবল পাম্প দিয়ে মাছ ধরার ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে দেলোয়ার হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু নামের আরও এক জেলে আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলা খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বরিশালের চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামের জয়নাল খলিফার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারটির মাঝি জয়নাল জানান, টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় আনসার খানের মালিকানাধীন এফবি সিমা-৩ নামের ট্রলারটি সাবমারসিবল পাম্প দিয়ে ধোয়া হচ্ছিল। তখন দেলোয়ার ও বাচ্চুর হাতে বিদ্যুতের তার জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার কাঁপতে কাঁপতে খালে পড়ে যান।
জয়নাল আরও জানান, দুর্ঘটনার পরপরই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা খালে নেমে দেলোয়ারকে উদ্ধারের চেষ্টা করেন। তবে জোয়ারের পানি ও প্রবল স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আহত বাচ্চুকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রায় ৪০ মিনিট পর স্থানীয় এক জেলে আবারও খালে তল্লাশি চালান। এ সময় তিনি দেলোয়ার হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

