আপডেট: March 23, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে র্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের বাসিন্দা এবং নিহত মন্টু শিকদারের ছেলে।
র্যাব-৮ এর পটুয়াখালী ও মাদারীপুর ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ২০ মার্চ দুপুরে বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে বাবাকে এলোপাতাড়ি মারধর করে দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

