পিরোজপুরে ভাত কম রান্না করায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

আপডেট: August 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে ভাত কম রান্না করাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় ও কানে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালার (৩০) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে কানন বালা (৬৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কানন বালা ওই এলাকার সুনীল বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাইরে থেকে বাড়িতে ফিরে ভাত খেতে বসেন সুজন বালা। এ সময় পাতিলে ভাত কম দেখতে পেয়ে তিনি মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন দরজার ডাসা দিয়ে তার মায়ের মাথা ও কানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

আঘাতে গুরুতর আহত কানন বালা ঘরের মধ্যে পড়ে থাকেন। পরে ভোরে সুজন ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সহায়তায় মাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কানন বালার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, কানন বালার মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজন বালাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network