পেটে কাঁচি রেখেই অপারেশন, দেড়বছর যাবত কিশোরীর যন্ত্রণা ভোগ

আপডেট: December 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পেটে কাঁচি রেখেই অপারেশন সম্পন্ন করার অভিযোগ উঠেছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। অপারেশনের দেড় বছর পর এক্সরের মাধ্যমে চিকিৎসকরা পেটের ভেতরে কাঁচিটি দেখতে পান।

আর এ দেড় বছরেরও বেশি সময় পেটের অসহনীয় যন্ত্রণাভোগের পর এখন মৃত্যুর পথযাত্রী মনিরা খাতুন (১৭) নামে এক কিশোরী। এ দীর্ঘ সময় সে শরীর সোজা করে দাঁড়াতেই পারেননি। গত দু’তিনদিনে তার অবস্থা মুমূর্ষু পর্যায়ে পৌঁছানোর পর এক্সরে করলে পেটের ভেতর কাঁচি থাকার বিষয়টি ধরা পড়ে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক মহলে তোলপাড় শুরু হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে জরুরিভিত্তিতে অপারেশন করে মনিরার পেট থেকে কাঁচি বের করার আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটি গ্রামের বাসিন্দা খাইরুল মিয়ার মেয়ে মনিরা। তৎকালীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০২০ সালের ৩ মার্চ তলপেটে ব্যথা নিয়ে ভর্তি হন মনিরা। সিস্ট অপারেশনের জন্য হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন ৯ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে তার অপারেশন করা হয়।

জানা গেছে, এ সার্জিক্যাল অপারেশনের পরেও মনিরার পেটের ব্যথা থেকে যায়। অপারেশনের কয়েকদিন পর মনিরার বিয়ে দেওয়া হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কল্যাণপট্টি গ্রামে। ব্যথানাশক ওষুধ ও পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্রে চলছিল তার চিকিৎসা।

এ বিষয়ে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক জানান, আমাদের সন্দেহ হলে তাকে একটি এক্সরে করতে বলি। পরে এক্সরে রিপোর্ট আসার পর কাঁচি দেখতে পাওয়া যায়। কয়েকজন চিকিৎসক বলছেন, গত বছরের ৩ মার্চ একটি অপারেশনের সময় ভুলে তার পেটের ভেতরে এ কাঁচিটি রেখে দেয়া হয়েছিল।

চিকিৎসকরা বলেছেন, ওই কাঁচির হাতলে সামান্য মরচে পড়ে গেছে এবং ওই কিশোরীর পেটের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে জড়িয়ে গেছে এটি। দ্রুত অপারেশন করে কাঁচিটি বের করা না হলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে বলে জানান তারা।

তবে আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় এই অপারেশনে দেরি হবে বলে জানিয়েছেন তার পরিবার। বিষয়টির সঠিক তদন্ত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার মোহাম্মাদ আসাদ উল্লাহ সুমন গণমাধ্যমকে বলেন, আগে আমাদের নিশ্চিত হতে হবে ঘটনাটি এই হাসপাতালে ঘটেছে কিনা। যদি রোগীর কাছে কোনো ডকুমেন্ট থাকে, তাহলে সেই কাগজপত্রসহ একটি আবেদন প্রশাসনিক ভবনে দিলে, হাসপাতাল প্রশাসন সার্জারি বিভাগের কাছে এই বিষয়ে জানতে চাইবে। তবে ওই তরুণীর পরিবার এখনো তাদের হাসপাতালে যোগাযোগ করেনি বলে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network